• হোম > বাংলাদেশ > হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

  • সোমবার, ১৮ মে ২০২৬, ১৭:৪২
  • ৪২

---

হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে দায়ের করা এক রিট আবেদনের ওপর শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ মোট ২৪ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আবেদনে অভিযোগ করা হয়েছে, হামের টিকা ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টরা জড়িত ছিলেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এছাড়া নাম উল্লেখ করা হয়েছে সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, মোস্তফা সরয়ার ফারুকী-সহ আরও কয়েকজনের।

এর আগে গত ৬ এপ্রিল এ বিষয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে দাবি করা হয়, দেশে আবারও হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যু ও বহু মানুষের আক্রান্ত হওয়ার ঘটনায় টিকা ব্যবস্থাপনার সিদ্ধান্তগুলো তদন্ত করা প্রয়োজন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10298 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 05:34:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh