• হোম > দেশজুড়ে | বাংলাদেশ > হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না

হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না

  • সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৫
  • ৪২

---

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশে হামের টিকার কোনো মজুদ ছিল না। তিনি দাবি করেন, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে দীর্ঘ সময় নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় এবং টিকার তীব্র সংকট তৈরি হওয়ায় বর্তমানে দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরে সর্বশেষ টিকাদান হয়েছিল। এরপর ২০২৬ সালে আমরা কার্যক্রম শুরু করার আগ পর্যন্ত দেশে হামের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি আমাদের হাতে একটি টিকাও মজুদ ছিল না।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

হামের বিস্তার রোধে আক্রান্ত রোগীদের যথাযথ আইসোলেশন এবং শিশু ও মায়েদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ জনসচেতনতামূলক কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী জানান, UNICEF–এর সহযোগিতায় আক্রান্ত জেলা, উপজেলা ও সিটি করপোরেশনগুলোতে ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালনার ফলে হামের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে মাইকিংয়ের মাধ্যমে বিশেষ অভিযানও চালানো হচ্ছে বলে জানান তিনি।

চলতি মৌসুমে হামের প্রকোপ বাড়ার পেছনে মায়েদের পুষ্টিহীনতাকেও বড় কারণ হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক মা শিশুদের বুকের দুধ খাওয়ানোর মতো শারীরিক অবস্থায় নেই। তাই মাতৃস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর শিশু বিভাগের ডিন অধ্যাপক আতিয়ার রহমান, মিটফোর্ড হাসপাতাল–এর শিশু বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক জাকারিয়া আল আজিজ।

হাম প্রতিরোধবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ–এর কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা হক। তিনি শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি আক্রান্ত রোগীদের আলাদা রাখা এবং ব্যবহৃত সামগ্রী পৃথকভাবে ব্যবহারের পরামর্শ দেন।

ডেঙ্গু বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাবের গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানে ড্যাবের সাবেক মহাসচিব ও বিএনপির সংসদ সদস্য আবদুস সালাম অতীতে রাজনৈতিক কারণে বঞ্চিত ও নিগৃহীত চিকিৎসকদের অধিকার পুনর্বহালের দাবি জানান।

ড্যাবের মহাসচিব মো. জহিরুল ইসলাম জানান, ডেঙ্গু ও হামের সংক্রমণ মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি পর্যায়েও বিশেষ চিকিৎসাসেবা চালু করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10265 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 09:53:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh