• হোম > এক্সক্লুসিভ | বাংলাদেশ > জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ড. এসএম জিয়াউদ্দিন হায়দার

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ড. এসএম জিয়াউদ্দিন হায়দার

  • রবিবার, ১৭ মে ২০২৬, ২০:৫২
  • ৮৩

---
ই-বাংলাদেশ ডেস্কঃ

সরকারি অর্থ সাশ্রয়ে ইকোনমি ক্লাসে ভ্রমণ, দিলেন সংযমের বার্তা

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে অংশ নিতে রোববার (১৭ মে) সকালে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সম্মেলনে তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতের চলমান সংস্কার, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম জোরদার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ তুলে ধরবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সফরের ব্যয় বহন করছে একটি স্পন্সরিং সংস্থা। সংস্থাটির নীতিমালা অনুযায়ী ড. হায়দারকে ইকোনমি ক্লাসের বিমান টিকিট প্রদান করা হয়েছে। সরকারি বিধান অনুযায়ী তিনি সরকারি অর্থ ব্যবহার করে বিজনেস বা ফার্স্ট ক্লাসে ভ্রমণের সুযোগ পেলেও অতিরিক্ত ব্যয় এড়াতে তিনি সেই সুবিধা গ্রহণ করেননি।

ড. জিয়াউদ্দিন হায়দার মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কার্যক্রমে যে পরিবর্তনের সূচনা করেছেন, বিশেষ করে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের অর্থ ব্যবহারে সংযম ও স্বচ্ছতা নিশ্চিত করার যে সংস্কৃতি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুধু নীতিগত বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং দায়িত্বশীল ব্যক্তিদের ব্যক্তিগত আচরণ ও সিদ্ধান্তেও তার প্রতিফলন থাকা প্রয়োজন।

যাত্রার আগে তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারে থেকে সাধারণ মানুষের জীবনের বাস্তবতা ভুলে গেলে চলবে না।”

সংশ্লিষ্টরা মনে করছেন, ড. হায়দারের এ সিদ্ধান্ত সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সংযম ও দায়িত্বশীলতার একটি ইতিবাচক বার্তা বহন করছে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। আগামী ২৩ মে তার দেশে ফেরার কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10251 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 11:17:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh