![]()
দুবাই ট্যাক্সি কোম্পানি চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ চালক নিয়োগ দেবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার রাজধানীতে মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে আগামীকাল থেকে বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু করার সিদ্ধান্তও জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে দেড় হাজার প্রার্থী বাছাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। পরে ধাপে ধাপে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের নিয়োগ কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় তিনি দুবাইয়ে কর্মীদের প্রশিক্ষণ চলাকালীন সময়েও বেতন–ভাতা নিশ্চিত করার আহ্বান জানান এবং বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবী নিয়োগের বিষয়েও অনুরোধ করেন।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার কারণে নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ ছাড়া সভায় অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্টরা জানান।