![]()
দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে ফিল্ম আর্কাইভকে আধুনিক ডিজিটাল কাঠামোয় রূপান্তর করা জরুরি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও জানান, ২৪ সালের আন্দোলনকে কেন্দ্র করে আলাদা একটি আর্কাইভ সেকশন তৈরির বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন, যাতে ওই সময়ের ঘটনা ও প্রেক্ষাপট ভবিষ্যৎ গবেষণার জন্য সংরক্ষিত থাকে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস সংরক্ষণকে কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। তিনি বলেন, “ইতিহাসকে ধরে রাখতে হলে সেটিকে নিরপেক্ষভাবে আর্কাইভে সংরক্ষণ করতে হবে।”
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসও আর্কাইভে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, ফিল্ম আর্কাইভকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে ফিল্ম আর্কাইভের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।