![]()
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত “প্রবাসী কার্ড” আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে।
সিলেটে “গ্লোবালাইজিং সিলেট” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। তার মতে, দেশে জমির পরিমাণ কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
মন্ত্রী জানান, এসব আবাসন প্রকল্পে শুধুমাত্র প্রবাসীরাই বরাদ্দ পাবেন এবং এই উদ্যোগ সিলেট থেকেই শুরু হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে তিনি সিলেটের উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম মাতৃভূমির সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং ভবিষ্যতে দেশে বিনিয়োগেও আগ্রহী হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সেখানে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় ডাক্তার, নার্স ও জরুরি চিকিৎসাসুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য স্থায়ী অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী এবং আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।