• হোম > বাংলাদেশ | রাজনীতি > একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৬ মে ২০২৬, ২২:১১
  • ৪৬

---

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা তৈরির চেষ্টা করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নকে কেন্দ্র করে। তার ভাষায়, বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, রাজনীতির নামে কেউ যদি বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টি করতে চায়, তবে তা “শক্ত হাতে প্রতিহত” করা হবে।

অনুষ্ঠানে চাঁদপুরসহ আরও ২০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ১৫ হাজার নারী সুবিধাভোগীর কাছে ডিজিটালভাবে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রী প্রতীকীভাবে কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।

তারেক রহমান বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য হলো খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করা। নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারকে যে দায়িত্ব দিয়েছে, এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, কিন্তু কিছু মহল বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ অন্যরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10205 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 03:04:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh