• হোম > বাংলাদেশ > বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে

বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে

  • শনিবার, ১৬ মে ২০২৬, ২০:০৪
  • ৭৭

---

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গঙ্গার পানিবণ্টন বা ফারাক্কা চুক্তি অবশ্যই বাংলাদেশের স্বার্থ ও অভিপ্রায় অনুযায়ী সম্পাদিত হতে হবে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত আলোচনা করে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় দুই দেশের সম্পর্কের উন্নয়ন অনেকাংশে গঙ্গার পানিবণ্টন চুক্তির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বর্তমান গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে এবং এর আগেই নতুন সমঝোতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যা জনগণের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি অভিহিত করেন।

বক্তব্যে তিনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রশ্নেও গুরুত্বারোপ করেন। তার মতে, দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার সফল হবে না।

আলোচনা সভায় পানি ও পরিবেশ বিশেষজ্ঞ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10198 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 03:37:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh