• হোম > Following > কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৬ মে ২০২৬, ২০:০২
  • ৪৮

---

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জনগণের দাবি থাকলে “কুমিল্লা” নামেই নতুন বিভাগ গঠন করা হবে। তিনি বলেন, বিএনপি সরকার পর্যায়ক্রমে জনগণের সব যৌক্তিক দাবি বাস্তবায়ন করবে।

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। সেখানে কুমিল্লাবাসীর পক্ষ থেকে “কুমিল্লা বিভাগ” এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। প্রধানমন্ত্রী জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয়টি নিয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

তারেক রহমান বলেন, অতীতে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলো বিএনপি সরকার বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর তা বাস্তবায়ন করা হয়েছে এবং এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানি দেওয়ার মতো কর্মসূচি চালু হয়েছে। বাকি প্রতিশ্রুতিও ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এ কারণে দেশের অর্থনীতি বর্তমানে চাপের মধ্যে রয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10194 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 03:45:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh