![]()
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক অনেকাংশে গঙ্গা পানি বণ্টন বা ফারাক্কা চুক্তির ওপর নির্ভর করবে।
শনিবার ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি ভারত সরকারের প্রতি দ্রুত নতুন চুক্তি সম্পাদনের আহ্বান জানান। তার ভাষায়, বাংলাদেশের জনগণের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী আলোচনা করে অবিলম্বে একটি গ্রহণযোগ্য চুক্তি করতে হবে।
তিনি বলেন, গঙ্গা নদীর পানিপ্রবাহ বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে জড়িত। ফারাক্কা বাঁধের প্রভাব দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে—এ কথা অনেক আগেই উপলব্ধি করেছিলেন মাওলানা ভাসানী।
মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রহমান আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টি উত্থাপন করেছিলেন এবং তার সময়ে হওয়া চুক্তি বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে ইতিবাচক ছিল বলে দাবি করেন। পাশাপাশি তিনি খালেদা জিয়া ও শেখ হাসিনা সরকারের সময়েও পানি বণ্টন চুক্তির উদ্যোগের কথা উল্লেখ করেন।
বর্তমান গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অনির্দিষ্টকাল কার্যকর থাকবে—এমন একটি দীর্ঘমেয়াদি কাঠামো প্রয়োজন, যাতে নতুন চুক্তি না হওয়া পর্যন্ত আগের পানির হিস্যা বহাল থাকে।
তিনি আরও জানান, পানি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান–কে ধন্যবাদ জানান তিনি।