• হোম > বাংলাদেশ > দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৬ মে ২০২৬, ১৯:৫৬
  • ৪৩

---

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে “দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন”। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই সরকার পরিকল্পনা গ্রহণ করছে।

শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, এমন পরিকল্পনা নিতে হবে যা বাস্তবায়িত হলে দেশের মানুষ সরাসরি উপকৃত হবে এবং বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তিনি দেশ গঠনের অঙ্গীকার নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৮ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। প্রায় ৪৮ বছর পর সেই খালের পুনঃখননের উদ্বোধন করতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল খনন হলে কৃষকরা সেচের পানি পাবেন এবং উৎপাদন বাড়বে। একইভাবে দেশের ২০ কোটি মানুষ একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে এবং জনগণই তাদের রাজনৈতিক শক্তির মূল উৎস।

অনুষ্ঠানে তিনি খালের তীরে নেমে প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটেন এবং বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হকসহ স্থানীয় নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10190 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 04:09:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh