• হোম > বাংলাদেশ | রাজনীতি > দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

  • শনিবার, ১৬ মে ২০২৬, ১৪:৩৭
  • ৪৯

---

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার “গুণগত পরিবর্তন” ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। তার মতে, এই প্রক্রিয়া কোনো একক রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি বৃহত্তর সংস্কার উদ্যোগ হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।

মন্ত্রী বলেন, দেশের ৫৫ বছরের ইতিহাসে অর্জন ও সংকট—দুটিই রয়েছে। এসব অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে নীতি ও উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে চায় সরকার।

তিনি আরও উল্লেখ করেন, চলচ্চিত্রসহ বিভিন্ন সৃজনশীল খাতে কার্যকর মতবিনিময় ও পেশাদারদের সঙ্গে সংযোগ ছাড়া মানসম্মত উৎপাদন নিশ্চিত করা সম্ভব নয়। চলচ্চিত্রকে তিনি “সফট পাওয়ার” হিসেবে অভিহিত করে বলেন, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার চলচ্চিত্র কর্মীদের জন্য রাষ্ট্রীয় ও আইনি কাঠামোর মধ্যে সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে কাজ করবে। একইসঙ্গে তিনি সতর্ক করেন, চলচ্চিত্রকে কোনো গোষ্ঠীর প্রোপাগান্ডা বা নিয়ন্ত্রিত মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়।

অনুষ্ঠানে চলচ্চিত্র সংসদ আন্দোলনে অবদানের জন্য শিল্প সমালোচক ও চলচ্চিত্রবোদ্ধা মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ-এর সভাপতি ড. জহিরুল ইসলাম কচি এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10180 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 05:24:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh