• হোম > বাংলাদেশ > আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী

  • শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৮
  • ৪৫

---

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি, তারা দেশের রাজনীতিতে “দেউলিয়ায় পরিণত হয়েছে”।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মীর হেলাল বলেন, “চট্টগ্রামে একটা জানাজা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, বিএনপি সহনশীল দল। একদিন আগেও জয়বাংলা বলার মুরদ ছিল না, একদিন পরেও নেই।”

তিনি আরও বলেন, জানাজার সময় কিছু লোক ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেছে। তার ভাষায়, এর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তারা শুধু ক্ষমতা হারায়নি, বরং দেশের রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের রাজনীতি চায় না। দলকে আরও জনপ্রিয় করা এবং ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যেই নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম তুহিন এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10163 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 06:41:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh