![]()
ই-বাংলাদেশ ডেস্ক
National Citizen Party-এর সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কমিটি ঘোষণার একদিনের মধ্যেই একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী। পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক নেতা রয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক Mohammad Rafsan Jani Riaz। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
পদত্যাগী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে অযোগ্য, বিতর্কিত এবং সুবিধাবাদী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। তারা দাবি করেন, দলের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
পদত্যাগকারীদের আরও অভিযোগ, কমিটির কিছু দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি এবং মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে সংগঠন পরিচালিত হলে দলীয় আদর্শ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ বলেন, “দলের জন্য যারা দীর্ঘদিন কাজ করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন না করে বিতর্কিতদের সামনে আনা হয়েছে। আমরা কমিটির পুনর্মূল্যায়ন চাই এবং বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক Nahid Islam-কে জানানো হবে।”
সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা Hujjatul Islam Sayeed বলেন, “আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা থেকেই আমরা এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা গভীরভাবে হতাশ।”
তিনি আরও বলেন, রাজনৈতিক সংগঠনে দুর্নীতি, ব্যক্তিস্বার্থ এবং অনৈতিক প্রভাব বিস্তার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার এবং স্বচ্ছ রাজনৈতিক চর্চার পক্ষে কাজ চালিয়ে যাবেন বলেও জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি শুরু থেকেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিকল্প রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দিয়ে আসছিল। তবে কমিটি গঠনকে কেন্দ্র করে এমন গণপদত্যাগ দলটির সাংগঠনিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন সৈয়দ এহছানুল হক, কামরুল কায়েস, মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, ইকবাল মাসুদ, রকিবুল ইসলাম, ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান, মোস্তফা রাশেদ আজগর, মোহাম্মদ রাফসান জানি রিয়াজ, মো. নুরুদ্দীন, মোহাম্মদ বেলাল হোসেন, মো. ওমর সাঈদ এবং তাহজীব চৌধুরী।