![]()
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এর উদ্যোগে সচিবালয়ে অনুষ্ঠিত কুরবানি ব্যবস্থাপনা–সংক্রান্ত সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এ বছর ঢাকার মধ্যে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। ঢাকার বাইরে গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার বলছে, কোরবানির সময় যাতে চামড়া নষ্ট না হয় এবং যথাযথভাবে সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যে এবার বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তার নির্দেশনায় একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যা জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।
চামড়া সংরক্ষণ ও সঠিকভাবে পশু জবাইয়ের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কসাই ও মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও মাদ্রাসা সংশ্লিষ্টদের চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার গণমাধ্যম, লিফলেট ও ধর্মীয় প্রচারণার মাধ্যমেও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এর সহায়তায় দেশের মসজিদগুলোতে জুমার নামাজের পর এবং ঈদের আগে ইমামদের মাধ্যমে চামড়া সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের অবহিত করা হবে। সরকার আশা করছে, সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিশ্চিত হবে এবং দেশের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক সম্পদ রক্ষা করা সম্ভব হবে।