• হোম > অর্থনীতি > ভেঞ্চার ক্যাপিটালের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে মঙ্গলবার

ভেঞ্চার ক্যাপিটালের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে মঙ্গলবার

  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৯
  • ৫১

---

দেশের স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)। দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আগামী ১২ মে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মো. মোস্তাকুর রহমান। অনুষ্ঠানে বিএসআইসির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন স্বাগত বক্তব্য দেবেন এবং ফান্ডের কাঠামো ও বিনিয়োগ কৌশল তুলে ধরবেন অ্যাংকরলেস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার রাহাত আহমেদ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে দেশের ৩৯টি ব্যাংকের ২০২০ থেকে ২০২৫ সালের মুনাফার ১ শতাংশ অর্থ থেকে, যার মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার প্রাথমিক তহবিল তৈরি হয়েছে। ভবিষ্যতে এই তহবিল আরও বড় হবে, কারণ প্রতি বছর ব্যাংকগুলোর মুনাফার একটি অংশ এতে যুক্ত হতে থাকবে।

বিএসআইসির অনুমোদিত মূলধন প্রায় ২ হাজার কোটি টাকা এবং বর্তমানে পরিশোধিত মূলধন প্রায় ৪২৫ কোটি টাকা। প্রতিষ্ঠানটি শুধু স্টার্টআপে সরাসরি ইক্যুইটি বিনিয়োগই নয়, বরং বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডকেও বাংলাদেশে যৌথ বিনিয়োগে আনতে কাজ করবে।

খাতসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্টার্টআপ খাতের বড় দুর্বলতা ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অভাব। ফলে অনেক সম্ভাবনাময় উদ্যোগ প্রাথমিক পর্যায়ে টিকে থাকতে পারেনি। নতুন এই উদ্যোগ সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে বিএসআইসি স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, রিটেইল সেবা, লজিস্টিকস, গ্রামীণ অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর সেবাখাতে বিনিয়োগে অগ্রাধিকার দেবে। পরিচালনা পর্ষদে ব্যাংকিং খাতের প্রতিনিধিদের পাশাপাশি স্বতন্ত্র পরিচালকও থাকছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সফলভাবে পরিচালিত হলে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে বড় পরিবর্তন আসতে পারে—বিশেষ করে দীর্ঘমেয়াদি অর্থায়ন, স্কেলআপ সুযোগ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10052 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 10:57:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh